যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন লেবার পার্টির নবনির্বাচিত নেতা অ্যান্ডি বার্নহ্যাম। সোমবার (২০ জুলাই) রাজা তৃতীয় চার্লসের কাছ থেকে সরকার গঠনের আনুষ্ঠানিক আমন্ত্রণ পাওয়ার পর তিনি বাকিংহাম প্যালেস থেকে ১০ নম্বর ডাউনিং স্ট্রিটে যান।
সোমবার স্থানীয় সময় দুপুরে বিদায়ী প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বাকিংহাম প্যালেসে গিয়ে রাজা তৃতীয় চার্লসের কাছে আনুষ্ঠানিকভাবে নিজের পদত্যাগপত্র জমা দেন। পরে স্থানীয় সময় দুপুর ১২টার দিকে তিনি প্যালেস ত্যাগ করেন। স্টারমারের বিদায়ের পর অ্যান্ডি বার্নহ্যাম বাকিংহাম প্যালেসে উপস্থিত হন। সেখানে রাজা তাঁকে সরকার গঠনের আনুষ্ঠানিক দায়িত্ব পালনের আহ্বান জানান। সাংবিধানিক ওই প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর তিনি যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।
বাকিংহাম প্যালেস ত্যাগ করে বার্নহ্যাম ১০ নম্বর ডাউনিং স্ট্রিটে পৌঁছান। প্রধানমন্ত্রী হিসেবে সেখান থেকেই তিনি প্রথমবারের মতো জাতির উদ্দেশে ভাষণ দেন।
লেবার পার্টির নবনির্বাচিত নেতা অ্যান্ডি বার্নহ্যাম যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হওয়ার পর দেওয়া প্রথম ভাষণে বলেছেন, 'আমাদের (রাজনীতিবিদদের) আরও ভালো হতে হবে'।
রাজা তৃতীয় চার্লসের কাছ থেকে যুক্তরাজ্যের ৩৯তম প্রধানমন্ত্রী হিসেবে আনুষ্ঠানিক আমন্ত্রণ পাওয়ার পর জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি এ কথা বলেন। একই সঙ্গে দেশের উন্নয়নের জন্য তাঁর কাছে ১০ বছরের একটি পরিকল্পনা রয়েছে বলেও উল্লেখ করেন বার্নহ্যাম।
পূর্বসূরি কিয়ার স্টারমারের পদত্যাগের পর বার্নহ্যাম বলেন, দেশের জনগণ রাজনীতি নিয়ে হতাশ ও বিরক্ত। জনস্বার্থ রক্ষায় রাজনীতিবিদদের আরও দক্ষ, জবাবদিহিমূলক ও দায়িত্বশীল হওয়া প্রয়োজন।
তিনি বলেন, “রাজনীতিবিদরা প্রত্যাশা অনুযায়ী যথেষ্ট ভাল কাজ করেনি।” তবে বার্নহ্যাম আরও ভালো কাজ করার প্রতিশ্রুতি দিয়ে গত ৪০ বছরের মধ্যে সবচেয়ে বড় পরিবর্তন আনার অঙ্গীকার ব্যক্ত করেন।
অতিরিক্ত লন্ডনকেন্দ্রিক প্রশাসনিক কাঠামো থেকে বেরিয়ে ক্ষমতা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়াকে তিনি তাঁর অন্যতম প্রধান অগ্রাধিকার হিসেবে উল্লেখ করেছেন।
গত শুক্রবার লেবার পার্টির নেতা নির্বাচিত হওয়ার মাধ্যমে বার্নহ্যামের প্রধানমন্ত্রী হওয়ার পথ সুগম হয়েছিল। সেদিন দেওয়া ভাষণে তিনি পাঁচটি প্রতিশ্রুতির কথা উল্লেখ করেন এবং বলেন, দেশের জন্য তাঁর একটি সুস্পষ্ট পরিকল্পনা রয়েছে।
প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণের পরও সেই প্রতিশ্রুতি ও পরিকল্পনার গুরুত্বপূর্ণ দিকগুলো তিনি ভাষণে পুনরায় তুলে ধরেছেন।
বার্নহ্যামের প্রথম ভাষণ শুনতে তাঁর সমর্থকেরা ডাউনিং স্ট্রিটে জড়ো হন। নতুন মন্ত্রিসভায় বিদায়ী সরকারের কতজন সদস্য জায়গা পাবেন, তা নিয়েও চলছে ব্যাপক আলোচনা। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, বার্নহ্যামের গ্রেটার ম্যানচেস্টারের চিফ অব স্টাফ কেভিন লিকেও সেখানে দেখা গেছে।
ডাউনিং স্ট্রিটে ভাষণ শেষে বার্নহ্যাম নতুন মন্ত্রিসভা গঠনের প্রক্রিয়া শুরু করবেন। এদিকে বিদায়ী সরকারের কয়েকজন মন্ত্রী ইতোমধ্যে পদত্যাগ করেছেন। নতুন মন্ত্রিসভার সদস্যদের নাম ধাপে ধাপে ঘোষণা করা হবে।
ব্রেক্সিট-পরবর্তী এক দশকে এটি যুক্তরাজ্যের আরেকটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক পরিবর্তন হিসেবে বিবেচিত হচ্ছে। অ্যান্ডি বার্নহ্যাম দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে গত চার বছরে দেশটির পঞ্চম প্রধানমন্ত্রী হলেন। বর্তমানে ডাউনিং স্ট্রিটে ক্ষমতা হস্তান্তরের আনুষ্ঠানিক কার্যক্রম চলছে। নতুন সরকারের পূর্ণাঙ্গ তালিকা শিগগিরই প্রকাশ করা হবে।
প্রধানমন্ত্রী হিসেবে শেষ বক্তব্যে কিয়ার স্টারমার তাঁর উত্তরসূরি বার্নহ্যামের সফলতা কামনা করেন। তিনি বলেন, ‘আমি সৌজন্যের সঙ্গে, হাসিমুখে এবং আমাদের অর্জন নিয়ে গর্বিত অবস্থায় বিদায় নিচ্ছি।’
-
প্রধানমন্ত্রী বার্নহামের মন্ত্রিসভা: চ্যান্সেলর হিলি, পররাষ্ট্রে মিলিব্যান্ড, স্বরাষ্ট্রে মাহমুদ
-
বড় পরিবর্তনের প্রতিশ্রুতি নিয়ে শুরু যুক্তরাজ্যে বার্নহাম যুগ, কী কী থাকছে পরিকল্পনায়
-
ইংল্যান্ডে এশীয় শিশুদের দাঁতে ক্ষয়ের হার জাতীয় গড়ের চেয়ে ৭০ শতাংশ বেশি
-
লন্ডনের মেয়র সাদিক খান পাচ্ছেন হাউস অব লর্ডসের সদস্যপদ, স্টারমারের শেষ সময়ের সিদ্ধান্তে
-
ডোভার সীমান্তে ইইউ-র নতুন নিয়মে দীর্ঘ যানজটের আশঙ্কা, রেকর্ড সংখ্যক ব্রিটিশ পর্যটকের যাত্রা