ঢাকা ৩ চৈত্র ১৪৩২, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬
ঢাকা ৩ চৈত্র ১৪৩২, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬
সর্বশেষ
মধ্যপ্রাচ্যের যুদ্ধে জড়াবে না যুক্তরাজ্য, জার্মানি ও গ্রিস আরব আমিরাতে বাংলাদেশিসহ ৩৫ জন গ্রেপ্তার শব্দের চেয়ে ১৩ গুণ দ্রুত ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলে ইরানের হামলা, দুবাই বিমানবন্দরে ফ্লাইট স্থগিত অস্কারে সেরা সিনেমা ডিক্যাপ্রিওর ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’ কেন্দ্রীয় শহীদ মিনারে প্রকাশ্যে গুলি: কলেজছাত্রকে হত্যা ৪২ জেলা পরিষদের চেয়ারম্যান পদে প্রশাসক বসালো সরকার মার্কিনীদের মধ্যপ্রাচ্যের ১২ দেশ ছাড়ার আহ্বান, হরমুজ রক্ষায় ট্রাম্পের উদ্যোগে ফ্রান্সের না মব করে পুলিশে দেওয়া পঙ্গু আ.লীগ নেতা মারা গেলেন কারা হেফাজতে ইরানের জ্বালানিসমৃদ্ধ খার্ক দ্বীপে ভয়াবহ মার্কিন হামলা, চরম প্রতিশোধের শঙ্কা এবার স্থল যুদ্ধে আসছে ২,৫০০ মার্কিন সেনা, ‘উভচর’ যুদ্ধজাহাজ : মোজতবাকে ধরিয়ে দিতে কোটি ডলার পুরস্কার সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে আকাশযুদ্ধে ইরানি শাসকদের পতন নাও হতে পারে নেতানিয়াহুর আশঙ্কা, ইরানী নেতাকে হত্যার হুমকি প্রথম ভাষণে মোজতবা খামেনির হুঁশিয়ারি : হরমুজ প্রণালি বন্ধ থাকবে, মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটি সরাতে হবে ইংল্যান্ডের পেশাদার ক্রিকেট টুর্নামেন্টে খেলবেন মোস্তাফিজ, ১ কোটি ৬৪ লাখ টাকায় কিনল বার্মিংহাম হরমুজ প্রণালিতে আরও ৬ জাহাজে হামলা সংসদের প্রথম অধিবেশন শুরু: স্পিকার হলেন হাফিজ উদ্দিন আহমদ, কীভাবে সম্পন্ন হলো নির্বাচন প্রক্রিয়া? মোজতবা খামেনি এখন কোথায়? ইরানের নতুন সর্বোচ্চ নেতাও আক্রান্ত যুদ্ধের আকাশে নতুন মারণাস্ত্র : লেবাননে সাদা ফসফরাস, ইরানে কালো বৃষ্টি ইরান যুদ্ধ কতদিন চলতে পারে? ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী, কত মানুষ এ সুবিধা পাবেন? কমনওয়েলথ সভায় বাংলাদেশ : রোহিঙ্গা সংকট ও জলবায়ু পরিবর্তন ইস্যু তুললেন পররাষ্ট্রমন্ত্রী সৌদিতে প্রাণ গেল আরও এক বাংলাদেশির বুয়েটে আবার নির্যাতনের ঘটনা : সেহরি খেতে যাওয়া ঢাবি শিক্ষার্থীকে পিটিয়ে থানায় হস্তান্তর ইরানের সর্বোচ্চ নেতা হলেন খামেনিপুত্র মোজতোবা খামেনি, ট্রাম্প কী করবেন? লন্ডনে 'লতা দিয়া ফতা': সৌহার্দ্য ও সম্প্রীতির ব্যতিক্রমী সেহরি আয়োজন ইতিহাস গড়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতলো ভারত সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় বাংলাদেশি নিহত অবশেষে ভারত থেকেই গ্রেপ্তার হাদি হত্যার প্রধান আসামী মুশফিকুল ফজলসহ ইউনূস-সরকারের নিয়োগকৃত ৪ রাষ্ট্রদূতকে প্রত্যাহার

নিচতলায় আগুন, ছাদের গেটে তালা—ফাঁদে পড়ে ১৬ জনের মৃত্যু, স্বজনদের খোঁজে উদ্বেগাকুল মানুষ

প্রকাশিত: ১৪ অক্টোবর ২০২৫, ০৯:৪১ পিএম

নিচতলায় আগুন, ছাদের গেটে তালা—ফাঁদে পড়ে ১৬ জনের মৃত্যু, স্বজনদের খোঁজে উদ্বেগাকুল মানুষ

রাজধানীর মিরপুরের শিয়ালবাড়িতে পোশাক কারখানা ও কসমিক ফার্মা নামের একটি কেমিক্যাল গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৬ জনের মৃত্যু হয়েছে। নিহত সবার মরদেহ পোশাক কারখানার ভবনের দ্বিতীয় ও তৃতীয় তলা থেকে উদ্ধার করা হয়। ভবনের নিচতলায় আগুনের তীব্রতা এবং ছাদে ওঠার দরজা দুটি তালাবদ্ধ থাকায় অনেকে বের হতে পারেননি। ফলে দ্বিতীয় ও তৃতীয় তলায় আটকে আগুনে পুড়ে মারা যান তারা।

মঙ্গলবার (১৪ অক্টোবর) রাতে অগ্নিনিয়ন্ত্রণ ও উদ্ধার কার্যক্রম নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের পরিচালক (অপারেশন অ্যান্ড মেইনটেন্যান্স) লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী।

তাজুল ইসলাম চৌধুরী বলেন, “অগ্নিকাণ্ডে পোশাক কারখানা থেকে মোট ১৬টি মরদেহ উদ্ধার করা হয়েছে। একজন স্বেচ্ছাসেবক আহত হয়েছেন। তবে ফায়ার সার্ভিসের কেউ আহত হননি।”

তিনি আরও বলেন, “মরদেহগুলো একে একে অ্যাম্বুলেন্সে করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হচ্ছে। মরদেহগুলোর এমন অবস্থা যে, ডিএনএ টেস্ট ছাড়া শনাক্ত করা সম্ভব নয়। চেহারা দেখে বা অন্যভাবে শনাক্ত করা যাচ্ছে না।”

ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অগ্নিকাণ্ডের সময় বিস্ফোরণের ফলে যে সাদা ধোঁয়া বা টক্সিক গ্যাস তৈরি হয়, সেটি অত্যন্ত বিষাক্ত ছিল। আগুন লাগার শুরুতেই ফ্ল্যাশওভার হয় এবং আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। “এই বিষাক্ত গ্যাসে অনেকে হয়তো মুহূর্তেই সেন্সলেস হয়ে পড়েন, পরে আর বের হতে পারেননি,” বলেন তাজুল ইসলাম।

তিনি আরও বলেন, “মরদেহগুলো ভবনের দ্বিতীয় ও তৃতীয় তলার বিভিন্ন কোণে পাওয়া গেছে। তারা নিচে নামতে পারেননি, আর ছাদে যাওয়ার যে গ্রিলের দরজা ছিল, সেটি দুইটি তালা দিয়ে বন্ধ ছিল। ফলে তারা দুই ও তিন তলায় আটকে মারা যান।”

আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট অংশ নেয়। পোশাক কারখানার আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে এলেও কেমিক্যাল গুদামের আগুন তখনও জ্বলছিল। “অগ্নিনির্বাপণের কাজ সম্পন্ন হয়নি। গুদামটি এখনো নিরাপদ নয়। সেখানে আগুনের শিখা ও ধোঁয়া দেখা যাচ্ছে। আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনতে আরও সময় লাগবে,” জানান তাজুল ইসলাম।

তিনি বলেন, “যতটুকু জানা গেছে, কেমিক্যাল গুদামে ছয় থেকে সাত ধরনের রাসায়নিক ছিল। আগুন নেভাতে পাউডার, পানি, এনজাইম ও হাইড্রোজেন পারঅক্সাইড ব্যবহার করা হচ্ছে।”

কেমিক্যাল গুদাম ও পোশাক কারখানায় কোনো অগ্নিনিরাপত্তা ব্যবস্থা ছিল না উল্লেখ করে তিনি বলেন, “এখানে কোনো ফায়ার সেফটি প্ল্যান ছিল না, এমনকি কোনো লাইসেন্সও ছিল না। স্থানীয়দের জিজ্ঞাসা করেও পোশাক কারখানার নাম জানা যায়নি।”

এর আগে মঙ্গলবার বেলা ১১টা ৪০ মিনিটে ফায়ার সার্ভিসে আগুনের খবর আসে। প্রথম ইউনিট ১১টা ৫৬ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে। শুরুতে পাঁচটি ইউনিট আগুন নেভানোর চেষ্টা চালায়, পরে আরও সাতটি ইউনিট যুক্ত হয়।

স্বজনদের খোঁজে উৎকণ্ঠিত মানুষ

মঙ্গলবার সকাল তখন সাড়ে ১১টা। দিনের কর্মচাঞ্চল্য তখন পুরোদমে চলছে। হঠাৎই তা থেমে যায় ভয়াবহ এক আগুনে। রাজধানীর রূপনগরের শিয়ালবাড়িতে কসমিক ফার্মা নামে একটি কেমিক্যাল গুদাম ও একটি গার্মেন্টস কারখানায় আগুন লাগে। এখন পর্যন্ত ১৬ জনের মৃত্যু ও আটজন দগ্ধ হওয়ার খবর পাওয়া গেছে। তবে নিখোঁজের সংখ্যা নিশ্চিত নয়। প্রিয়জনের কোনো খোঁজ না পেয়ে পরিবারের সদস্যরা অপেক্ষায়— কেউ হাতে ছবি নিয়ে, কেউ চোখে অশ্রু নিয়ে প্রহর গুনছেন।

মঙ্গলবার (১৪ অক্টোবর) সন্ধ্যায় ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, স্বজনরা উদ্বেগে দিশেহারা।

ছেলের শালিকা আসমা আক্তারকে খুঁজতে ছবি হাতে দাঁড়িয়ে ছিলেন রেশমা আক্তার। তিনি বলেন, “সকালে আগুন লাগার পর থেকেই ওর কোনো খোঁজ পাচ্ছি না। আমার ছেলে ঢাকা মেডিক্যালে গিয়েছে খোঁজ নিতে, কিন্তু এখনো ওকে (আসমা) পাইনি।”

রেশমা জানান, আসমার বাড়ি ময়মনসিংহের নেত্রকোনায়; ঢাকায় তিনি খালার বাসায় থাকতেন।

মেয়ে ফারজানা আক্তার (১৫)-এর খোঁজে পুড়ে যাওয়া গার্মেন্টস কারখানার সামনে এসে দাঁড়িয়েছেন বাবা রতন। ফারজানা ওই গার্মেন্টসে কাজ করতেন। তিনি বলেন, “আগুনের খবর শুনে মেয়ের খোঁজে এসেছি। এখনো কোনো হদিস পাইনি। কেউ কিছু জানাচ্ছে না। বলা হয়েছে, যারা মারা গেছেন, তাদের ঢাকা মেডিক্যালে পাঠানো হয়েছে। শুধু মেয়েকে ফিরে পেতে চাই।”

শফিকুল ইসলাম তাঁর ভাগ্নি মাহিরা (১৪)-এর ছবি হাতে নিয়ে চারপাশে খুঁজছেন। কান্নাভেজা কণ্ঠে তিনি বলেন, “আমার ভাগ্নি গার্মেন্টসের তিন তলায় কাজ করত। আগুন লাগার পর থেকেই খুঁজছি, হাসপাতালেও গেছি, কিন্তু পাইনি। ফায়ার সার্ভিস বলেছে ধৈর্য ধরতে।”

নিখোঁজ নারগিস আক্তারের বড় বোন লাইজু বেগম বলেন, “আমার বোন সকাল আনুমানিক ৮টার দিকে কাজে গিয়েছিল। সকাল ১১টার দিকে খবর পাই আগুন লেগেছে। সেখানকার একজনের সঙ্গে ফোনে কথা বলে জানতে পারি— কেউ ভেতর থেকে বের হতে পারেনি। তারপর থেকে আর কোনো খোঁজ নেই— আমার বোন কোথায় আছে জানি না।”

প্রত্যক্ষদর্শী বিইউবিটির শিক্ষার্থী আবু জাফর মোহাম্মদ নোমান বলেন, “আমি ইউনিভার্সিটিতে যাওয়ার সময় আগুন দেখি। তখন থেকেই এখানে আছি। আগুন লাগার পর কেমিক্যাল গুদামে বিস্ফোরণ হয়, তারপর পাশের গার্মেন্টসেও আগুন ধরে যায়। আগুন লাগার ২০ মিনিটের মধ্যে ফায়ার সার্ভিস আসে এবং আগুন নেভানোর চেষ্টা শুরু করে।”