সিলেটের বিয়ানীবাজার উপজেলার কাকরদিয়া-তেরাদল উচ্চ বিদ্যালয়ের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে লন্ডনে অনুষ্ঠিত হয়েছে বর্ণাঢ্য অনুষ্ঠান। ৫ শতাধিক শুধুমাত্র গ্রামের বাসিন্দা ও শিক্ষার্থীদের নিয়ে এ আয়োজন করে কাকরদিয়া তেরাদল আলিপুর এডুকেশন ট্রাস্ট ইউকে।
স্মৃতিচারণ ও তথ্যচিত্র প্রদর্শনী
প্রাক্তন শিক্ষার্থীদের স্মৃতিচারণ, বিদ্যালয়ের উন্নয়নে সমন্বিত পরিকল্পনা, প্রিয় শিক্ষক ও প্রতিষ্ঠাতাদের প্রতি শ্রদ্ধা নিবেদনের পাশাপাশি ব্রিটেনে বেড়ে ওঠা শিশু-কিশোরদের অংশগ্রহণে ছিল নানা সৃজনশীল আয়োজন। অনুষ্ঠানের দুই পর্বে বিদ্যালয়, শিক্ষক ও শিক্ষার্থীদের নিয়ে নির্মিত একটি তথ্যচিত্র প্রদর্শন করা হয়।
অনুষ্ঠানে যুক্তরাজ্যে বসবাসরত বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক, প্রতিষ্ঠাকালীন সময়ের শিক্ষার্থী এবং বহির্বিশ্ব থেকে পুনর্মিলনী উৎসবে যোগ দেওয়া প্রাক্তন শিক্ষার্থীদের স্মারক সম্মাননা দেওয়া হয়। এছাড়াও যুক্তরাজ্যে নিজগ্রামের নতুন প্রজন্মের কৃতি শিক্ষার্থীদের ট্রাস্টের পক্ষ থেকে সম্মাননা প্রদান করা হয়েছে।
ট্রাস্টের সভাপতি নুরুল আমিন রাজুর সভাপতিত্বে এবং সহ-সভাপতি লোকমান হোসেন চৌধুরীর সার্বিক সহযোগিতায় অনুষ্ঠান সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আব্দুল করিম খান। বিভিন্ন পর্বের অনুষ্ঠানমালায় সহযোগিতা করেন সহ-সভাপতি আবু তাহের চৌধুরী, এডুকেশন সেক্রেটারি মো. আবু তাহের, জয়েন্ট ট্রেজারার অহিদুর রহমান চৌধুরী এবং স্পোর্টস সেক্রেটারি মখলেসুর রহমান ছোটনসহ ট্রাস্টের অন্যান্য নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন নুরুল হুসেন কাদির, ব্যারিস্টার মাসুদ চৌধুরী, রিয়াজ উদ্দিন কামাল, আহবাব আলম চৌধুরী, সাব্বির খান, রশিদ আহমেদ রাশেদ, সাইফুর রহমান, কাউন্সিলর ব্যারিস্টার আতিকুর রহমান, সুলতান মাহমুদ, ফয়জুল বারী, আবু সিনহা হীরণ, শহীদুজ্জামান, ব্যারিস্টার আব্দুল হাদী খান ও মনসুর খান প্রমুখ।
বক্তারা বিদ্যালয়ের গৌরবময় ইতিহাস, শিক্ষা বিস্তারে এর অবদান এবং প্রবাস থেকে বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে সম্পৃক্ত থাকার গুরুত্ব তুলে ধরেন।
পুনর্মিলনীতে যুক্তরাষ্ট্র, কানাডা ও মধ্যপ্রাচ্য থেকে প্রাক্তন শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়।
বক্তারা বলেন, ১৯৮১ সালে প্রতিষ্ঠিত বিদ্যালয় ৪৫ বছরে পা রেখেছে, একই সঙ্গে অর্জন করেছে অনেকগুলো সাফল্যের পালক। হাজার হাজার শিক্ষার্থী বিভিন্ন পেশায় দেশে ও প্রবাসে আলোকিত কাজের মাধ্যমে সমাজে আলো ছড়াচ্ছে। এবং সকলের গর্ববোধে আছে তাদের প্রিয় শিক্ষালয় কাকরদিয়া তেরাদল উচ্চ বিদ্যালয়। লন্ডনে আজকের অনুষ্ঠান তারই উজ্জ্বল উদাহরণ।
বক্তারা আরও বলেন, পুনর্মিলনী অনুষ্ঠানটি গতানুগতিক চিন্তা ও চর্চার গণ্ডি ছাড়িয়ে ব্রিটেনে বেড়ে ওঠা প্রজন্মকে সম্পৃক্ত করেছে নানা সৃজনশীল অনুষ্ঠানের মাধ্যমে। তাদের বাবা অথবা মায়ের বিদ্যালয়ের অনুষ্ঠানে তাদের সম্পৃক্ততা মানে শিকড়ের বন্ধনে আবদ্ধ হওয়া, যার দূরপ্রসারী অত্যন্ত ইতিবাচক প্রভাব রয়েছে।
আয়োজকদের বক্তব্য
সভাপতি নুরুল আমিন রাজু স্বাগত বক্তব্যে বলেন, কাকরদিয়া-তেরাদল আলিপুর এডুকেশন ট্রাস্ট ইউকে প্রতিষ্ঠার মূল লক্ষ্য গোটা অঞ্চলের শিক্ষার দ্যুতি ছড়িয়ে দেওয়া। এই পুনর্মিলনী অনুষ্ঠান আমাদের ধারাবাহিক কাজের অংশ। আমরা চেষ্টা করেছি, গ্রামে শিক্ষার আলো ছড়াতে যাঁরা উদ্যোগ নিয়েছেন, যাঁরা স্কুলে শিক্ষার্থীদের জ্ঞানের আলো দিয়ে সমাজে প্রতিষ্ঠিত করেছেন এবং যাঁরা নানাভাবে সহযোগিতা করে বিদ্যালয়কে এই পর্যায়ে নিয়ে এসেছেন, তাঁদের সবাইকে শ্রদ্ধা ও ভালোবাসায় আনুষ্ঠানিকভাবে সম্মান জানানো।
আয়োজকদের পক্ষ থেকে বক্তব্যে সহ-সভাপতি লোকমান চৌধুরী বলেন, "শিক্ষায় একসঙ্গে এগিয়ে যাই" — এই স্লোগানকে সামনে রেখে কাকরদিয়া তেরাদল আলিপুর এডুকেশন ট্রাস্ট ইউকে নিজ অঞ্চলের শিক্ষার উন্নয়নে সকলের সহযোগিতা নিয়ে কাজ করছে। আমরা বিশেষ করে যুক্তরাজ্য প্রবাসীদের সহযোগিতায় আয়োজন করলেও বিভিন্ন দেশের শিক্ষার্থী ও শিক্ষক-অভিভাবকদের অংশগ্রহণ ও সহযোগিতায় কৃতজ্ঞতা প্রকাশ করছি।
সংগঠনের পক্ষ থেকে আনন্দের সঙ্গে আমরা ঘোষণা দিচ্ছি, আগামী ৫ বছর পর বিদ্যালয় প্রাঙ্গণে বিশাল পরিসরে ৫০ বছর পূর্তি অনুষ্ঠান আয়োজন করব ইনশাল্লাহ।
অনুষ্ঠানজুড়ে ছিল সৃজনশীলতার প্রকাশ
সন্ধ্যা ছয়টায় নতুন প্রজন্মের এডাম চৌধুরীর পবিত্র কোরআন তেলাওয়াত ও ইব্রাহীম চৌধুরীর ইংরেজি অনুবাদ পাঠের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।
শিক্ষিকা সাজনা খানমের সার্বিক তত্ত্বাবধানে বাংলাদেশি-ব্রিটিশ শিশু-কিশোরদের অংশগ্রহণে তিনটি ক্যাটাগরিতে সৃজনশীল অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এই আয়োজনে বিশেষ আকর্ষণ ছিল বিশিষ্ট ম্যাজিশিয়ান সায়মন পালমারের ম্যাজিক শো। ঘণ্টাব্যাপী পরিবেশনা ও গল্প বলার আয়োজন শিশুদের অংশগ্রহণে সবাইকে মুগ্ধ করে। এছাড়াও ছিল সাধারণ জ্ঞানের কুইজ প্রতিযোগিতা ও মিউজিক্যাল শো।
অনুষ্ঠানগুলো চারজন বাংলাদেশি-ব্রিটিশ শিক্ষক আনিশা আহমেদ, মাজেদুল ইসলাম, মারিয়া চৌধুরী ও নুরুন নেহার চৌধুরী পরিচালনা করেন।
নারীদের জন্য বিশেষ আয়োজন হেনা পেইন্টিংয়ের টিমলিডারের দায়িত্বে ছিলেন শিল্পী ইসরাহ চৌধুরী, আমীনা তুকী, নাসিহা আহমেদ, মারজানা আক্তার, তাহমিনা আক্তার তামান্না ও মারজানা বেগম ইমা।
ফেস পেইন্টিংয়ে টিমলিডারের দায়িত্ব পালন করেন আহমেদ চৌধুরী, সারাহ হোসেন চৌধুরী ও জান্নাহ ইয়াসমিন।
সাজসজ্জায় স্মৃতিময় শিক্ষালয়
বিদ্যালয়ের স্মৃতিকে জাগিয়ে রাখতে আয়োজনে ছিল স্কুলের ছবিযুক্ত ফটোকার্ড কর্নার। লন্ডনের বুকে শিক্ষার্থীরা সেখানে ছবি তুলে প্রিয় বিদ্যালয়ের চিরচেনা ক্যাম্পাসের স্মৃতি খুঁজেছেন।
এছাড়া ছিল ওয়েলকাম সাইন, ফেস্টুন ও ইতিহাসবোর্ড। সব জায়গা সাজানো হয় শিকড়ভূমি ও কাকরদিয়া তেরাদল উচ্চ বিদ্যালয়ের স্মৃতিচিহ্ন রেখে।
নানা পদের খাবার উপকরণের ভেন্ডরদের কাছে ছিল উপচে পড়া ভিড়। একই সঙ্গে ছিল সিলেটের চা ও বাহারি পান-সুপারির আয়োজন। ট্রাস্টের পক্ষ থেকে সবার জন্য ছিল পার্সোনালাইজড বিস্কুট।
আতিথেয়তায় ছিল সৃজনশীলতার ছাপ। প্রতিটি টেবিলে আয়োজকদের পক্ষ থেকে ছিল ফেভার সুইটস ও টেবিল পিকস, টি-কার্ডসহ নানা অনুষঙ্গ।
রাত এগারোটা পর্যন্ত চলা অনুষ্ঠানটি বিগ স্ক্রিনে প্রায় ৫ শতাধিক শুধুমাত্র গ্রামের বাসিন্দা ও শিক্ষার্থীরা মুগ্ধতা নিয়ে উপভোগ করেছেন।
ভুল-ত্রুটিগুলো আয়োজকদের এবং সব আনন্দ-উচ্ছ্বাস সম্মানিত অতিথিদের জন্য উল্লেখ করে সহ-সভাপতি আবু তাহের চৌধুরী সবাইকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানানোর মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।
কাকরদিয়া তেরাদল আলিপুর এডুকেশন ট্রাস্ট ইউকে
"শিক্ষায় একসঙ্গে এগিয়ে যাই" — এই স্লোগানে ২০২৫ সালে যুক্তরাজ্যে কাকরদিয়া তেরাদল আলিপুর এডুকেশন ট্রাস্ট ইউকে-র আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।
সবার জন্য শিক্ষার অধিকার নিশ্চিত করা, মানবিক সেবা ও উন্নয়নের লক্ষ্যে সিলেট জেলার বিয়ানীবাজার উপজেলার শেওলা ইউনিয়নের কাকরদিয়া–তেরাদল–আলিপুর গ্রামের যুক্তরাজ্য প্রবাসীদের উদ্যোগে এই ট্রাস্ট কাজ করছে।
ট্রাস্টের অগ্রাধিকারমূলক উদ্যোগগুলোর মধ্যে রয়েছে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি ও শিক্ষাসামগ্রী সরবরাহ, স্কুল, মাদ্রাসা ও মক্তবের অবকাঠামোগত উন্নয়ন ও সংস্কার, শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা ও শিক্ষা-উন্নয়নমূলক কার্যক্রম বাস্তবায়ন।
পাশাপাশি গ্রন্থাগার, প্রযুক্তি কর্নার ও শিক্ষাবান্ধব পরিবেশ তৈরি, বিজ্ঞানমেলা ও বিভিন্ন প্রতিযোগিতা আয়োজন, শিক্ষার্থীদের সৃজনশীল কার্যক্রমে সহায়তা এবং নৈতিক ও সামাজিক মূল্যবোধ গঠনে বিশেষ কর্মসূচি গ্রহণ করা হয়।
-
প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি সফরের আমন্ত্রণ ক্রাউন প্রিন্সের
-
অবৈধ কর্মী ধরতে কঠোর অবস্থানে রিফর্ম ইউকে, হটলাইনে তথ্য দিলে পুরস্কার!
-
যুক্তরাজ্যে ডিসপোজেবল বারবিকিউ বিক্রি নিষিদ্ধ
-
নেতানিয়াহুর ‘ইসলামিক রিপাবলিক অব ব্রিটেন’ মন্তব্যে তুমুল সমালোচনা
-
টাওয়ার হ্যামলেটসে ৩,৪০০ নতুন বাড়ি নির্মাণে যৌথ উদ্যোগ