ব্রিটিশ-বাংলাদেশি কমিউনিটিতে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ রাজা তৃতীয় চার্লস কর্তৃক রাজকীয় সম্মাননা এমবিই (MBE)-এ ভূষিত হওয়ায় গোলাপগঞ্জের কৃতী সন্তান, কবি, নাট্যকার, সংগঠক ও অ্যাকাউন্ট্যান্ট আবু তাহের এমবিই-কে নাগরিক সংবর্ধনা প্রদান করেছে গোলাপগঞ্জ সোশ্যাল অ্যান্ড কালচারাল ট্রাস্ট ইউকে।
গত সোমবার, ৬ জুলাই স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় পূর্ব লন্ডনের লন্ডন এন্টারপ্রাইজ একাডেমি মিলনায়তনে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সংগঠনের সভাপতি মোহাম্মদ দিলওয়ার হোসেন-এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাসুদ আহমদ জোয়ারদার ও ট্রাস্টি বোর্ডের সদস্য মারুফ আহমদ-এর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের স্পিকার কাউন্সিলর ব্যারিস্টার মুসতাক আহমদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লেখক-গবেষক ফারুক আহমেদ, কবি আতাউর রহমান মিলাদ, শাহজালাল ইসলামী ব্যাংকের সাবেক চেয়ারম্যান হারুন মিয়া, গোলাপগঞ্জ হেল্পিং হ্যান্ডস ইউকের সাধারণ সম্পাদক মাসুক আহমেদ, সংগঠনের উপদেষ্টা রফিকুল ইসলাম নজরুল, আব্দুস সামাদ, মারুফ রশিদ, সহ-সভাপতি হেলাল উদ্দিন, হুমায়ূন কবির চৌধুরী, আব্দুল কাদির ও ফখরুল ইসলাম।
সংগঠনের সদস্য হাফিজ তামজিদ কাদির-এর পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাবেক সভাপতি তমিজুর রহমান রঞ্জু।
সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাংবাদিক আব্দুল মুনিম জাহেদী ক্যারল, গোলাপগঞ্জ হেল্পিং হ্যান্ডস ইউকের প্রতিষ্ঠাতা সভাপতি সায়াদ আহমেদ সাদ, যুক্তরাজ্য জালালাবাদ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও লন্ডন বাংলাদেশ সেন্টারের যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল হক জিলু, সঙ্গীতশিল্পী মিতা তাহের, যুক্তরাজ্য সম্মিলিত সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের সভাপতি কবি মোহাম্মদ ইকবাল, কবি-সাংবাদিক আনোয়ারুল ইসলাম অভি, কবি মোসাহিদ খান, কবি নোমান আহমেদ, কবি ইকবাল হোসেন বুলবুল, সিনিয়র সাংবাদিক মতিয়ার চৌধুরী, ছড়াকার দিলু নাসের, কবি মাসুক ইবনে আনিস, কবি ও লেখক অ্যাডভোকেট মুজিবুল হক মনি, চন্দরপুর ডিগ্রি কলেজের সাবেক প্রভাষক জিয়া উদ্দিন, যুক্তরাজ্য অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আজিজুল আম্বিয়া, বুধবারীবাজার ইউনিয়ন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকের সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান, গ্লোবাল জালালাবাদ অ্যাসোসিয়েশন ইউকের কোষাধ্যক্ষ শামীম আহমেদ, কমিউনিটি ব্যক্তিত্ব বদরুল আলম বাবুল, সংগঠনের সাংগঠনিক সম্পাদক খালেদ আহমেদ, মেম্বারশিপ সেক্রেটারি কামাল উদ্দিন, বোর্ড অব ডিরেক্টরসের সিনিয়র সদস্য আব্দুল আজিজ ফারুক, ইকবাল আহমদ চৌধুরী, জিল্লুল করিম চৌধুরীসহ আরও অনেকে।
বক্তারা তাঁদের বক্তব্যে বলেন, আবু তাহের এমবিই একজন প্রচারবিমুখ, বিনয়ী ও নিবেদিতপ্রাণ সমাজসেবক। সাহিত্য, সংস্কৃতি, শিক্ষা ও কমিউনিটি উন্নয়নে তিনি দীর্ঘদিন ধরে নীরবে অবদান রেখে চলেছেন। তাঁর এই রাজকীয় স্বীকৃতি শুধু গোলাপগঞ্জবাসীর নয়; বরং সমগ্র সিলেট, যুক্তরাজ্যপ্রবাসী বাংলাদেশি সমাজ এবং বাংলাদেশের জন্য গৌরবের বিষয়। একজন ব্রিটিশ-বাংলাদেশি হিসেবে তাঁর এই অর্জনে সবাই গর্বিত।
অনুভূতি প্রকাশ করতে গিয়ে আবু তাহের এমবিই বলেন, “আজ আমি সত্যিই ভাষাহীন। আপনারা আমাকে যে সম্মান ও ভালোবাসা দিয়েছেন, তার জন্য আমি আপনাদের সবার কাছে চিরকৃতজ্ঞ। আমার জন্য দোয়া করবেন, যেন এই সম্মানের মর্যাদা ভবিষ্যতেও ধরে রাখতে পারি এবং সমাজের কল্যাণে আরও কাজ করে যেতে পারি।”
অনুষ্ঠানে সংগঠনের প্রতিষ্ঠাতা সদস্য মিছবাহ মাসুম-এর গ্রন্থনা ও পরিকল্পনায় এবং ছড়াকার দিলু নাসের-এর নির্দেশনায় আবু তাহের এমবিই-এর জীবন, সাহিত্যকর্ম, কমিউনিটি সেবা এবং দেশ-বিদেশে পরিচালিত বিভিন্ন মানবিক ও চ্যারিটেবল কর্মকাণ্ডের ওপর নির্মিত প্রায় আট মিনিটের একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।
অনুষ্ঠানের একপর্যায়ে গোলাপগঞ্জ সোশ্যাল অ্যান্ড কালচারাল ট্রাস্ট ইউকে-এর পক্ষ থেকে আবু তাহের এমবিই-এর হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়। ক্রেস্ট প্রদান করেন সংগঠনের অন্যতম সদস্য ও বিশিষ্ট ব্যবসায়ী ফারুক আহমেদ, কোষাধ্যক্ষ কাওসার আহমেদ জগলু এবং উপস্থিত অতিথিবৃন্দ।
সবশেষে অতিথিদের সম্মানে নৈশভোজের আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

-
যুক্তরাজ্যে আবারও বাড়ছে টিভি লাইসেন্স ফি, বাড়বে নিম্ন আয়ের পরিবারের আর্থিক চাপ
-
যুক্তরাজ্যে স্টুডেন্ট লোনের ফাঁদে ৫৮ লাখ শিক্ষার্থী, চাপে সরকার
-
ফোন হ্যাকিং মামলায় হেরে প্রিন্স হ্যারি ও অন্য দাবিদারদের £৫০ মিলিয়ন পর্যন্ত আইনি বিলের ঝুঁকি
-
যুক্তরাজ্যে অভিবাসীদের কঠিন সময়: বাড়ছে জীবনযাত্রার ব্যয়, কমছে সামাজিক সহায়তা
-
আন্তর্জাতিক বাউল ও লোকসংস্কৃতি উৎসব লন্ডনে, যোগ দিচ্ছেন শফি মণ্ডল ও ডলি মণ্ডল
আরও পড়ুন: