প্রিন্স হ্যারি ও ব্রিটিশ রাজপরিবারের মধ্যে আবারও নতুন বিরোধ মাথাচাড়া দিয়ে উঠেছে। এবার বিবাদের কেন্দ্রে বাকিংহাম প্যালেসে থাকার আমন্ত্রণ । যা মাত্র কয়েক মিনিটের ব্যবধানে গ্রহণ ও প্রত্যাহারের ঘটনায় নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে।
সাসেক্সের ডিউক প্রিন্স হ্যারি লন্ডন ও বার্মিংহামে একাধিক দাতব্য কর্মসূচিতে অংশ নিতে যুক্তরাজ্য সফরে আসছেন। এর মধ্যে রয়েছে ইনভিক্টাস গেমসের প্রচারণামূলক অনুষ্ঠান। তবে এই সফরের আগে থেকেই নিরাপত্তা বিষয়ক বিরোধ পুরো বিষয়টিকে জটিল করে তুলেছে।
- আমন্ত্রণ গ্রহণ ও প্রত্যাহার -মাত্র ১৫ মিনিটে
সোমবার সকাল ৯টার দিকে বিবিসি জানায়, প্রিন্স হ্যারির মুখপাত্র বলেছেন তিনি বাকিংহাম প্যালেসে থাকার আমন্ত্রণ গ্রহণ করেছেন। কিন্তু মাত্র ১৫ মিনিটের মধ্যে প্যালেসের পক্ষ থেকে এই তথ্য খণ্ডন করা হয়।
হ্যারির মুখপাত্র জানান, রাজা তৃতীয় চার্লসের পক্ষ থেকে দেওয়া আমন্ত্রণ "শেষ মুহূর্তে প্রত্যাহার" করা হয়েছে। কারণ হিসেবে মঙ্গলবার প্রত্যাশিত অ্যাসোসিয়েটেড নিউজপেপার্সের বিরুদ্ধে মামলার রায়ের কথা উল্লেখ করা হয়েছে। মুখপাত্র এই ঘোষণাকে "হতাশাজনক" বলে অভিহিত করেছেন।
- পিএ মিডিয়ার বিবরণ
পিএ মিডিয়ার তথ্য অনুযায়ী, হ্যারি প্রথমে শনিবার নিজের, স্ত্রী মেগান ও সন্তানদের পক্ষে আমন্ত্রণ প্রত্যাখ্যান করেছিলেন। পরে সেদিন শেষ দিকে মত পরিবর্তন করে শুধু নিজের জন্য থাকার অনুরোধ করেন।
বাকিংহাম প্যালেস জানিয়েছে, এত কম সময়ের নোটিশে প্রয়োজনীয় আতিথেয়তা ও কর্মচারী ব্যবস্থাপনা নিশ্চিত করা সম্ভব হয়নি। পাশাপাশি, চলমান আইনি মামলা রাজার সাংবিধানিক অবস্থানকে জটিল করে তুলতে পারে বলেও উদ্বেগ প্রকাশ করা হয়েছে।
- হ্যারির মুখপাত্রের বক্তব্য
হ্যারির মুখপাত্র বলেন, "পরিবারের নিরাপত্তা না দেওয়ার সিদ্ধান্তের পর গত সপ্তাহ ধরে ডিউক বিকল্প নিরাপত্তার ব্যবস্থা করছিলেন। সেই ব্যবস্থা চূড়ান্ত হওয়ার পরই তিনি আনুষ্ঠানিকভাবে সপ্তাহান্তে নিজের জন্য থাকার আমন্ত্রণ গ্রহণ করেন।"
তিনি আরও বলেন, "তাই এখন এই আমন্ত্রণ প্রত্যাহার করা হতাশাজনক। অ্যাসোসিয়েটেড নিউজপেপার্স মামলার রায়ের কথা কারণ হিসেবে বলা হচ্ছে, কিন্তু বাকিংহাম প্যালেস গত বৃহস্পতিবার থেকেই এই রায়ের বিষয়ে অবগত ছিল। তাহলে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ গ্রহণের পরও কেন এটি শেষ মুহূর্তে প্রত্যাহার করা হলো, তা স্পষ্ট নয়।"
সাসেক্সের ডাচেস মেগান ও তাদের সন্তানরা লন্ডনে হ্যারির সঙ্গে যোগ দেবেন না বলে রোববার জানানো হয়েছিল। তবে বার্মিংহাম সফরে পরে যোগ দেওয়ার সম্ভাবনা রয়েছে।
- মামলার রায় মঙ্গলবার
হ্যারিসহ বেশ কয়েকজন বিখ্যাত ব্যক্তি ডেইলি মেইলের প্রকাশক অ্যাসোসিয়েটেড নিউজপেপার্সের বিরুদ্ধে হাইকোর্টে মামলা করেছেন। মিস্টার জাস্টিস নিকলিনের লিখিত রায় মঙ্গলবার প্রকাশ পাওয়ার কথা।
সূত্র: দ্য গার্ডিয়ান, বিবিসি, পিএ মিডিয়া | অনুবাদ ও বিশ্লেষণ: ৫২বাংলা ডেস্ক | লন্ডন
-
অনিদ্রা কি বাড়াচ্ছে তরুণদের ক্যানসারের ঝুঁকি? নতুন গবেষণায় উদ্বেগ
-
৩০ মিনিটের বেশি বসে থাকলে ক্যান্সারে মৃত্যুর ঝুঁকি বাড়ে: গ্লাসগো বিশ্ববিদ্যালয়ের গবেষণা
-
অ্যাপয়েন্টমেন্টের তারিখ জানা যাবে তিন সপ্তাহ আগেই: এনএইচএসের নতুন নিয়ম
-
অবৈধভাবে থেকে বিয়ে-সংসার করলেও বহিষ্কার ঠেকানো যাবে না: অভিবাসীদের বহিষ্কারে নতুন আইন আনছে যুক্তরাজ্য
-
যুক্তরাজ্যে প্রতিদিন ৩০ মিনিট হাঁটলেই কেনাকাটায় মিলবে ছাড়!