সৌদি আরবে বসবাসরত প্রবাসী কর্মীদের জন্য গুরুত্বপূর্ণ নির্দেশনা জারি করেছে দেশটির মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়ের আওতাধীন কিওয়া প্ল্যাটফর্ম। মেয়াদোত্তীর্ণ ওয়ার্ক পারমিটধারী কর্মীদের বৈধতা নবায়নের জন্য আগামী ৩০ জুন পর্যন্ত সময়সীমা নির্ধারণ করা হয়েছে।
এই সময়ের মধ্যে নিয়োগকর্তারা কর্মীদের ওয়ার্ক পারমিট নবায়ন অথবা তাদের সেবা অন্য প্রতিষ্ঠানে স্থানান্তর করতে পারবেন।
কিওয়া জানিয়েছে, আগামী ১ জুলাই থেকে যেসব কর্মীর ওয়ার্ক পারমিট তিন মাসের বেশি সময় ধরে মেয়াদোত্তীর্ণ রয়েছে, তাদের নিয়োগকর্তার প্রতিষ্ঠানের রেকর্ড থেকে স্বয়ংক্রিয়ভাবে অপসারণের প্রক্রিয়া শুরু হবে। একই সঙ্গে, বৈধ ওয়ার্ক পারমিট ছাড়া যে সময় কাজ করানো হয়েছে সেই সময়ের সব বকেয়া আর্থিক দায় নিয়োগকর্তাকেই বহন করতে হবে।
ইকামার মেয়াদ ১৮০ দিনের বেশি থাকলে ব্যতিক্রম
তবে একটি বিশেষ ব্যতিক্রমের কথাও জানানো হয়েছে। কোনো কর্মীর ওয়ার্ক পারমিটের মেয়াদ শেষ হয়ে গেলেও তার ইকামার (বাসস্থান অনুমতি) মেয়াদ যদি কমপক্ষে ১৮০ দিন বৈধ থাকে, তাহলে ওয়ার্ক পারমিট নবায়ন সম্ভব না হলেও তাকে প্রতিষ্ঠানের রেকর্ড থেকে অপসারণ করা হবে না।
তবে ইকামার অবশিষ্ট মেয়াদ ১৮০ দিনের কম হলে পরবর্তী প্রশাসনিক ব্যবস্থা এড়াতে নিয়োগকর্তাকে একসঙ্গে ইকামা ও ওয়ার্ক পারমিট দুটিই নবায়ন করতে হবে।
নিয়োগকর্তাদের প্রতি আহ্বান
কিওয়া আরও জানিয়েছে, যেসব প্রবাসী কর্মী তিন মাসের বেশি সময় ধরে মেয়াদোত্তীর্ণ বা বৈধ ওয়ার্ক পারমিট ছাড়া কাজ করছেন, তাদের নামও স্বয়ংক্রিয়ভাবে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের রেকর্ড থেকে বাতিল হয়ে যাবে। এ ক্ষেত্রেও বৈধ ওয়ার্ক পারমিট ছাড়া কাজে রাখার সময়ের সব বকেয়া ফি ও আর্থিক দায় নিয়োগকর্তাকেই বহন করতে হবে।
তাই বকেয়া ওয়ার্ক পারমিট ফি দ্রুত পরিশোধ করে সংশ্লিষ্ট কর্মীদের ওয়ার্ক পারমিট নবায়ন অথবা তাদের সেবা অন্য প্রতিষ্ঠানে স্থানান্তরের মাধ্যমে আইনগত জটিলতা ও অতিরিক্ত আর্থিক দায় এড়াতে নির্ধারিত সময়সীমার আগেই প্রয়োজনীয় পদক্ষেপ নিতে নিয়োগকর্তাদের প্রতি আহ্বান জানিয়েছে কিওয়া প্ল্যাটফর্ম।
সূত্র: কিওয়া প্ল্যাটফর্ম, সৌদি আরব
-
স্পেনে কাজ পেলেন ৬ লাখ অভিবাসী: বৈধতার আবেদন ১১ লাখ ছাড়াল
-
'প্যাট্রিয়ট পাসপোর্ট' উদ্বোধন ট্রাম্পের, সমালোচনার ঝড় উঠেছে আমেরিকায়
-
শেষ ষোলোয় কার মুখোমুখি কে—পূর্ণ সূচি ও বিশ্লেষণ
-
আলি খামেনির শেষ বিদায়ে মানুষের ঢল, যুক্তরাষ্ট্রকে শক্তি দেখাচ্ছে ইরান
-
খামেনির কফিনে লাল পতাকা: প্রতীকী বার্তা কী, শেষ বিদায়ে কেন থাকছেন না মোজতবা খামেনি