সংযুক্ত আরব আমিরাত ও বাংলাদেশের মধ্যে ব্যবসা-বাণিজ্য এবং পর্যটন সম্পর্ক আরও জোরদার করতে আবুধাবি-ঢাকা রুটে সরাসরি বিমান চলাচল শুরু করেছে ইতিহাদ এয়ারওয়েজ। গত ২৬ জুন আবুধাবি থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা উদ্বোধনী ফ্লাইটটির সব টিকিটই বিক্রি হয়েছিল। বোয়িং ৭৭৭ মডেলের বিশাল উড়োজাহাজ দিয়ে দক্ষিণ এশিয়ায় নিজেদের নেটওয়ার্ক সম্প্রসারণের অংশ হিসেবে এই রুটটি পুনরায় চালু করল সংস্থাটি।
সংশ্লিষ্টরা জানিয়েছেন, নতুন এই রুটের মূল লক্ষ্য হলো দুই দেশের মধ্যে পণ্য পরিবহন (কার্গো) এবং যাত্রীসেবা আরও সহজতর করা। বিশেষ করে প্রবাসী বাংলাদেশিদের যাতায়াত এবং বাংলাদেশের পণ্য বিশ্ববাজারে পৌঁছানোর ক্ষেত্রে এটি বড় ভূমিকা রাখবে।
শুক্রবার প্রকাশিত এক প্রতিবেদনে গালফ নিউজ জানায়, গত ২৬ জুন রাত ১০টায় ইওয়াই-৩৮২ (EY382) ফ্লাইটটি আবুধাবি থেকে উড্ডয়ন করে এবং পরদিন সকালে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। সপ্তাহে চার দিন (সোম, বুধ, শুক্র ও শনিবার) আবুধাবি থেকে ঢাকার উদ্দেশে ফ্লাইট ছেড়ে আসবে। আর ঢাকা থেকে মঙ্গলবার, বৃহস্পতিবার, শনিবার ও রোববার আবুধাবির উদ্দেশে ফ্লাইটটি রওনা হবে।
বোয়িং ৭৭৭ উড়োজাহাজটিতে ২৮টি বিজনেস ক্লাস এবং ৩৭৪টি ইকোনমি ক্লাস আসন রয়েছে। যাত্রী পরিবহনের পাশাপাশি এই রুটে বিশাল কার্গো সুবিধা দেবে ইতিহাদ।
ইতিহাদ এয়ারওয়েজের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আন্তোনিয়ালদো নেভেস বলেন, "প্রথম ফ্লাইটটি পুরোপুরি বুকড হওয়া প্রমাণ করে যে এই রুটে কী পরিমাণ চাহিদা রয়েছে। দুই দেশের গভীর সম্পর্কের প্রতিফলন এই সাফল্য।"
তিনি আরও জানান, সংযুক্ত আরব আমিরাতে বসবাসরত বিশাল বাংলাদেশি প্রবাসী জনগোষ্ঠীর পাশাপাশি যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ইউরোপে যাতায়াতকারী প্রবাসীদের জন্য আবুধাবি একটি গুরুত্বপূর্ণ ট্রানজিট পয়েন্ট হিসেবে কাজ করবে।
সূত্র: গালফ নিউজ
-
স্পেনে কাজ পেলেন ৬ লাখ অভিবাসী: বৈধতার আবেদন ১১ লাখ ছাড়াল
-
'প্যাট্রিয়ট পাসপোর্ট' উদ্বোধন ট্রাম্পের, সমালোচনার ঝড় উঠেছে আমেরিকায়
-
শেষ ষোলোয় কার মুখোমুখি কে—পূর্ণ সূচি ও বিশ্লেষণ
-
আলি খামেনির শেষ বিদায়ে মানুষের ঢল, যুক্তরাষ্ট্রকে শক্তি দেখাচ্ছে ইরান
-
খামেনির কফিনে লাল পতাকা: প্রতীকী বার্তা কী, শেষ বিদায়ে কেন থাকছেন না মোজতবা খামেনি