ঢাকা ৯ ভাদ্র ১৪৩৩, সোমবার, ২৪ আগস্ট ২০২৬
ঢাকা ৯ ভাদ্র ১৪৩৩, সোমবার, ২৪ আগস্ট ২০২৬
সর্বশেষ
ছয় মাসের মাথায় মন্ত্রিসভায় রদবদল, কী ইঙ্গিত দিচ্ছে সরকার? কুয়েতে বিশেষ ভিসা সুবিধা বন্ধ, ফিরছে স্বাভাবিক নিয়মে মালয়েশিয়ায় কর্মী পাঠাতে পারবে বাংলাদেশের ২৫ এজেন্সি কুয়েতে ভিজিট ভিসা থেকে ওয়ার্ক পারমিট, দূতাবাসের সতর্কতা মালয়েশিয়ায় অভিযানে আরও ৮৭ বাংলাদেশি আটক কলকাতায় আগুনে কুষ্টিয়ার সাংবাদিক পরিবারের সবার মৃত্যু বিয়ে ভাঙা সেই প্রবাসীর ফের বিয়ে, পাতে পেলেন আস্ত খাসি কাতারে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী, কর্মসংস্থান নিয়ে আলোচনা ৪ দেশে বসবাসরত প্রবাসীদের সতর্ক বার্তা পূর্ব লন্ডনে গাড়ির ভেতর বাংলাদেশিকে গুলি করে হত্যা নারী বাস সার্ভিস বারবার ব্যর্থ কেন, কী বলছে বিশ্লেষণ ঢাকায় চালু নারী পরিচালিত পিংক বাস সার্ভিস, চালকও নারী ঘোড়ার গাড়িতে শিক্ষকের রাজকীয় বিদায় লিবিয়ার বন্দিশালা থেকে দেশে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি সফরের আমন্ত্রণ ক্রাউন প্রিন্সের মালয়েশিয়ায় এক দিনে ২৪ বাংলাদেশি অভিবাসী আটক লিবিয়া থেকে গ্রিস যাওয়ার পথে নিখোঁজ ৭ জন সুনামগঞ্জের গ্রিসের পথে ভয়াবহ বিপদ, ভূমধ্যসাগরে ১০ দিন ভাসার পর ২৯ বাংলাদেশি উদ্ধার ওমরাহ ভিসায় নতুন নিয়ম, প্রতিবার প্যাকেজ ও নুসুক অনুমতি বাধ্যতামূলক লিবিয়া থেকে যাত্রা, ভূমধ্যসাগরে ৯ দিন পর ১১ বাংলাদেশির মৃত্যু ফ্রান্সের কর বিভাগে সাইবার হামলা, ৬ লাখের বেশি করদাতার তথ্য চুরি বিগ টিকেটে ৩২ লাখ টাকা করে জিতলেন দুই বাংলাদেশি অবৈধ কর্মী ধরতে কঠোর অবস্থানে রিফর্ম ইউকে, হটলাইনে তথ্য দিলে পুরস্কার! যুক্তরাজ্যে ডিসপোজেবল বারবিকিউ বিক্রি নিষিদ্ধ হুমকির মুখে বিয়েতে বাধ্য হলেন সৌদিপ্রবাসী সিলেটে ট্রিপল মার্ডার: বাদীর সন্দেহ জামায়াত নেতা সিরাজের দিকে স্টোস্টেরন পরীক্ষায় পুরুষ প্রমাণিত: দুই নারী অ্যাথলেটের পদক বাতিল, আজীবন নিষেধাজ্ঞা মালয়েশিয়ায় বেতনহীন ১২৬ বাংলাদেশি শ্রমিক সংকটে পোল্যান্ডে বাংলাদেশিদের জন্য জরুরি নির্দেশনা, সতর্কতা নেতানিয়াহুর ‘ইসলামিক রিপাবলিক অব ব্রিটেন’ মন্তব্যে তুমুল সমালোচনা

৬ বছর আগের গবেষণা— ২০২৫ এ যুদ্ধে জড়াবে ভারত-পাকিস্তান, মারা পড়বে ১২ কোটি মানুষ!

প্রকাশিত: ০৭ মে ২০২৫, ০৩:৪৭ পিএম

৬ বছর আগের গবেষণা— ২০২৫ এ যুদ্ধে জড়াবে ভারত-পাকিস্তান, মারা পড়বে ১২ কোটি মানুষ!

ভারতীয় হামলায় ক্ষতিগ্রস্ত পাকিস্তানের পাঞ্জাবের শেখুপুড়া জেলার মুরিদকে শহরের একটি সরকারি স্থাপনা। ছবি: এএফপি

কাশ্মিরে হিন্দু তীর্থযাত্রীদের ওপর সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত হওয়ার দুই সপ্তাহের মধ্যে পাকিস্তানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত। পাকিস্তানও পাল্টা দাবি করেছে, তারা ভারতের পাঁচটি যুদ্ধবিমান গুলি করে ভূপাতিত করেছে। অন্যদিকে ভারত জানিয়েছে, জম্মু-কাশ্মিরের পুঞ্চ-রাজৌরি অঞ্চলে পাকিস্তান কামান থেকে গোলা নিক্ষেপ করেছে।

এমন উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যেই আবার আলোচনায় এসেছে যুক্তরাষ্ট্রের এক পুরোনো গবেষণা। ছয় বছর আগে, অর্থাৎ ২০১৯ সালে রাটগার্স বিশ্ববিদ্যালয়ের এক গবেষণায় সতর্ক করে বলা হয়েছিল— ২০২৫ সালেই কাশ্মিরকে ঘিরে ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধ বাঁধতে পারে।

ওই গবেষণায় উল্লেখ করা হয়, দুই পরমাণু শক্তিধর রাষ্ট্রের এ সংঘাতে প্রাণ হারাতে পারে প্রায় ১২ কোটি মানুষ। শুধু তাই নয়, যুদ্ধ-পরবর্তী পরিবেশগত বিপর্যয়ে আরও এক কোটি মানুষের মৃত্যু হতে পারে বলেও পূর্বাভাস দেওয়া হয়েছিল।

গবেষণায় সম্ভাব্য যুদ্ধের প্রেক্ষাপটও তুলে ধরা হয়। বলা হয়, যদি ভারতীয় সংসদে এক আত্মঘাতী হামলায় সংসদ সদস্যরা নিহত হন, তাহলে ভারত পাল্টা প্রতিক্রিয়ায় পাকিস্তানে সামরিক অভিযান চালাতে পারে। এরপর দুই দেশ পারমাণবিক অস্ত্র প্রয়োগে যুদ্ধে লিপ্ত হতে পারে। আরেকটি অনুমানে বলা হয়, কাশ্মিরে সংঘর্ষ থেকেই পারমাণবিক সংঘাত শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে।

পরিবেশবিজ্ঞানী ও গবেষণায় অংশ নেওয়া অধ্যাপক ড. অ্যালান রোবোক বলেন, যদি দুই দেশের নেতৃত্বে যুক্তিবাদী ও সংযত মনোভাবসম্পন্ন সরকার থাকে, তাহলে এমন পরিস্থিতি এড়ানো সম্ভব। তবে নানা প্রেক্ষাপটে সংঘর্ষ বেঁধে যেতে পারে, যার নিয়ন্ত্রণ দুই দেশের হাত থেকেও ছুটে যেতে পারে।

গবেষণার সময় ড. রোবোক বলেছিলেন, ভারত ও পাকিস্তান ক্রমাগত তাদের পারমাণবিক অস্ত্রভাণ্ডার বাড়িয়ে চলেছে— শুধু সংখ্যায় নয়, এসব অস্ত্রের বিস্ফোরণ ক্ষমতাও বেড়েছে। এ কারণেই দুই দেশের মধ্যে সংঘাতের আশঙ্কা আগের তুলনায় বেশি।

তিনি আরও বলেন, "এই যুদ্ধ আগামীকালও শুরু হতে পারে— ভবিষ্যৎ নিয়ে নিশ্চিত করে বলা যায় না। তাই আমরা বিভিন্ন সম্ভাব্য পরিস্থিতি বিশ্লেষণ করেছি এবং একটি বছর বেছে নিয়ে তা দেখিয়েছি।"

ড. রোবোক আরও সতর্ক করেন, ভারত-পাকিস্তানের যুদ্ধ কেবল এই দুটি দেশেই সীমাবদ্ধ থাকবে না— বরং তা হয়ে উঠতে পারে বৈশ্বিক হুমকি। পারমাণবিক বিস্ফোরণের ফলে বিশ্বজুড়ে আগুন ছড়িয়ে পড়বে, উৎপন্ন হবে বিপুল পরিমাণ ধোঁয়া, যা সূর্যের আলোকে বাধা দেবে। এতে পৃথিবী অন্ধকারাচ্ছন্ন হয়ে পড়বে, কমবে তাপমাত্রা, এবং দীর্ঘস্থায়ী খরার মতো পরিস্থিতি সৃষ্টি হবে। খাদ্য উৎপাদনে নেতিবাচক প্রভাব পড়বে, বাড়বে অনাহার ও মৃত্যুর হার।

পাকিস্তানের কায়েদে আজম বিশ্ববিদ্যালয়ের পরমাণু বিজ্ঞানী ড. পারভেজ হুডভাইও সে সময় বলেছিলেন, ভারত-পাকিস্তানের মধ্যে যেকোনো যুদ্ধের মূল কারণ হবে কাশ্মির। কাশ্মিরের সমস্যার সমাধান ছাড়া পরমাণু যুদ্ধের ঝুঁকি কমবে না।

ভারতীয় সেনাবাহিনীর সাবেক কর্মকর্তা ও নিরাপত্তা বিশ্লেষক মেজর জেনারেল দীপঙ্কর ব্যানার্জিও যুদ্ধের সম্ভাব্য কারণ হিসেবে কাশ্মির ছাড়াও সন্ত্রাসবাদের প্রসঙ্গ তুলেছিলেন।

ছয় বছর আগের সেই গবেষণার প্রেক্ষিতে এখন প্রশ্ন উঠছে— সত্যিই কি ভারত ও পাকিস্তান আরেকটি যুদ্ধের দ্বারপ্রান্তে? পরমাণু অস্ত্রের ঝুঁকিতে কি গোটা পৃথিবী নতুন এক সংকটের মুখোমুখি হতে যাচ্ছে? যত শঙ্কাই থাকুক, শুভবুদ্ধিসম্পন্ন কেউ-ই নিশ্চয় চায় না, এই দুই দেশ এমন এক ভয়াবহ সংঘাতে জড়িয়ে পড়ুক— যার ফল বিশ্বব্যাপী ভয়াবহ হয়ে উঠতে পারে।