সিলেট বিভাগে হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে বিভাগে এই রোগে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৭৬ জনে।
দুটি পৃথক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয় বলে জানিয়েছেন সিলেট স্বাস্থ্য বিভাগের সহকারী পরিচালক মোহাম্মদ নূরে আলম শামীম।
মৃত শিশুদের মধ্যে সাত মাস বয়সী সায়হান মৌলভীবাজার সদরের বাসিন্দা সজল মিয়ার ছেলে; শহীদ শামসুদ্দিন আহমেদ হাসপাতালে তার মৃত্যু হয়। আর পাঁচ মাস বয়সী আহিয়ান সিলেটের ওসমানীনগর উপজেলার বাসিন্দা উজ্জলের ছেলে; ওসমানী হাসপাতালে তার মৃত্যু হয়।
স্বাস্থ্য বিভাগের সিলেট বিভাগীয় পরিচালকের কার্যালয়ের এক প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত বিভাগের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন রয়েছেন ২৬১ জন রোগী। একই সময়ে হামের সন্দেহভাজন আরও ৬৯ জন রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।
চলতি বছরের ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত সিলেট বিভাগে ল্যাবরেটরি পরীক্ষায় ৩২৭ জনের শরীরে হাম রোগের সংক্রমণ নিশ্চিত হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, সিলেটে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মোট ৭২ জনের মৃত্যু হয়েছে, আর নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে চারজনের।