ঢাকা ৩ চৈত্র ১৪৩২, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬
ঢাকা ৩ চৈত্র ১৪৩২, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬
সর্বশেষ
মধ্যপ্রাচ্যের যুদ্ধে জড়াবে না যুক্তরাজ্য, জার্মানি ও গ্রিস আরব আমিরাতে বাংলাদেশিসহ ৩৫ জন গ্রেপ্তার শব্দের চেয়ে ১৩ গুণ দ্রুত ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলে ইরানের হামলা, দুবাই বিমানবন্দরে ফ্লাইট স্থগিত অস্কারে সেরা সিনেমা ডিক্যাপ্রিওর ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’ কেন্দ্রীয় শহীদ মিনারে প্রকাশ্যে গুলি: কলেজছাত্রকে হত্যা ৪২ জেলা পরিষদের চেয়ারম্যান পদে প্রশাসক বসালো সরকার মার্কিনীদের মধ্যপ্রাচ্যের ১২ দেশ ছাড়ার আহ্বান, হরমুজ রক্ষায় ট্রাম্পের উদ্যোগে ফ্রান্সের না মব করে পুলিশে দেওয়া পঙ্গু আ.লীগ নেতা মারা গেলেন কারা হেফাজতে ইরানের জ্বালানিসমৃদ্ধ খার্ক দ্বীপে ভয়াবহ মার্কিন হামলা, চরম প্রতিশোধের শঙ্কা এবার স্থল যুদ্ধে আসছে ২,৫০০ মার্কিন সেনা, ‘উভচর’ যুদ্ধজাহাজ : মোজতবাকে ধরিয়ে দিতে কোটি ডলার পুরস্কার সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে আকাশযুদ্ধে ইরানি শাসকদের পতন নাও হতে পারে নেতানিয়াহুর আশঙ্কা, ইরানী নেতাকে হত্যার হুমকি প্রথম ভাষণে মোজতবা খামেনির হুঁশিয়ারি : হরমুজ প্রণালি বন্ধ থাকবে, মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটি সরাতে হবে ইংল্যান্ডের পেশাদার ক্রিকেট টুর্নামেন্টে খেলবেন মোস্তাফিজ, ১ কোটি ৬৪ লাখ টাকায় কিনল বার্মিংহাম হরমুজ প্রণালিতে আরও ৬ জাহাজে হামলা সংসদের প্রথম অধিবেশন শুরু: স্পিকার হলেন হাফিজ উদ্দিন আহমদ, কীভাবে সম্পন্ন হলো নির্বাচন প্রক্রিয়া? মোজতবা খামেনি এখন কোথায়? ইরানের নতুন সর্বোচ্চ নেতাও আক্রান্ত যুদ্ধের আকাশে নতুন মারণাস্ত্র : লেবাননে সাদা ফসফরাস, ইরানে কালো বৃষ্টি ইরান যুদ্ধ কতদিন চলতে পারে? ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী, কত মানুষ এ সুবিধা পাবেন? কমনওয়েলথ সভায় বাংলাদেশ : রোহিঙ্গা সংকট ও জলবায়ু পরিবর্তন ইস্যু তুললেন পররাষ্ট্রমন্ত্রী সৌদিতে প্রাণ গেল আরও এক বাংলাদেশির বুয়েটে আবার নির্যাতনের ঘটনা : সেহরি খেতে যাওয়া ঢাবি শিক্ষার্থীকে পিটিয়ে থানায় হস্তান্তর ইরানের সর্বোচ্চ নেতা হলেন খামেনিপুত্র মোজতোবা খামেনি, ট্রাম্প কী করবেন? লন্ডনে 'লতা দিয়া ফতা': সৌহার্দ্য ও সম্প্রীতির ব্যতিক্রমী সেহরি আয়োজন ইতিহাস গড়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতলো ভারত সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় বাংলাদেশি নিহত অবশেষে ভারত থেকেই গ্রেপ্তার হাদি হত্যার প্রধান আসামী মুশফিকুল ফজলসহ ইউনূস-সরকারের নিয়োগকৃত ৪ রাষ্ট্রদূতকে প্রত্যাহার

মুখোমুখি অবস্থানে সরকার ও প্রাথমিকের শিক্ষকরা, পরীক্ষা বঞ্চিত শিক্ষার্থীরা

প্রকাশিত: ০৪ ডিসেম্বর ২০২৫, ১১:৫২ এএম

মুখোমুখি অবস্থানে সরকার ও প্রাথমিকের শিক্ষকরা, পরীক্ষা বঞ্চিত শিক্ষার্থীরা

দাবি আদায়ের আন্দোলনে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা তৃতীয় প্রান্তিক মূল্যায়ন (বার্ষিক পরীক্ষা) বর্জন করে লাগাতার কর্মসূচি চালিয়ে যাচ্ছেন। অন্যদিকে শিক্ষকদের শোকজ করে কর্মবিরতি প্রত্যাহারের চেষ্টা করছে সরকার। পরীক্ষা না নিলে ফৌজদারি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের এ অবস্থানের পর শিক্ষকরা ঘোষণা দিয়েছেন—দাবি মানা না হলে আন্দোলন চলবে। ফলে দুই পক্ষের মুখোমুখি অবস্থার মধ্যে বছরের শেষ পরীক্ষা থেকে বঞ্চিত হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীরা।

জানতে চাইলে প্রাথমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালক আবু নূর মো. শামসুজ্জামান বলেন, ‘১১তম গ্রেড বাস্তবায়নের আশ্বাস দিয়েছে অর্থ মন্ত্রণালয়। পে-কমিশনের সুপারিশ লাগবে। সেটিও চূড়ান্ত হওয়ার পথে। এই পরিস্থিতিতে শিক্ষকদের অপেক্ষা করা দরকার ছিল।’’

শিক্ষকদের শোকজ করা হয়েছে, এ বিষয়ে কী সিদ্ধান্ত হবে—এ প্রশ্নে মহাপরিচালক বলেন, ‘শুধু পরীক্ষা বর্জনই নয়, সহকারী শিক্ষকরা প্রধান শিক্ষকদেরও লাঞ্ছিত করেছেন। আমরা কঠোর অবস্থানে যাবো।’’

সংশ্লিষ্ট সূত্র জানায়, দশম গ্রেডসহ তিন দফা দাবিতে শিক্ষকরা গত ৮ নভেম্বর রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি শুরু করেন। ওইদিনই পুলিশের সহিংসতার শিকার হন তারা। এরপর ৯ নভেম্বর থেকে দেশজুড়ে কর্মবিরতি চলতে থাকে। আন্দোলনের তৃতীয় দিন (১০ নভেম্বর) ১১তম গ্রেডের আশ্বাস পেয়ে কর্মসূচি ও কর্মবিরতি প্রত্যাহার করেন শিক্ষকরা।

কিন্তু নভেম্বর শেষে দাবিতে দৃশ্যমান অগ্রগতি না থাকায় নতুন কর্মসূচি ঘোষণা করা হয়। ৩০ নভেম্বর থেকে দেশব্যাপী সহকারী শিক্ষকরা কর্মবিরতি শুরু করেন। ১ ডিসেম্বর হওয়ার কথা ছিল তৃতীয় প্রান্তিক মূল্যায়ন (বার্ষিক পরীক্ষা)। এই পরিস্থিতিতে সহকারী শিক্ষকরা মূল্যায়ন বর্জন করেন। যদিও কিছু বিদ্যালয়ে প্রধান শিক্ষকেরা নিজেরা পরীক্ষা নেওয়ার চেষ্টা করেছেন; তবে অধিকাংশ প্রতিষ্ঠানেই শিক্ষার্থীরা মূল্যায়ন থেকে বঞ্চিত হয়েছে।

পরীক্ষা বর্জনের দ্বিতীয় দিন মঙ্গলবার (২ ডিসেম্বর) আন্দোলন নেতৃত্বদানকারী চার শিক্ষক—মো. আবুল কাসেম, মোহাম্মদ শামছুদ্দিন মাসুদ, খাইরুন নাহার লিপি এবং মু. মাহবুবুর রহমান—শোকজ হন।

বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির সভাপতি মো. শামছুদ্দিন মাসুদ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘‘শিক্ষক নেতাদের শোকজ করা হয়েছে। নোয়াখালী জেলায় ২৩ ও ২৫ ব্যাচের সব শিক্ষককে শোকজ করেছেন স্থানীয় শিক্ষা অফিসার।’’

এসব ঘটনার পর মঙ্গলবার রাতে কর্মবিরতি অব্যাহত রাখাসহ বিদ্যালয়গুলোতে তালা ঝুলিয়ে দিতে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচির ঘোষণা দেয় শিক্ষক নেতৃত্ব। পাশাপাশি বুধবার (৩ ডিসেম্বর) প্রতিটি উপজেলা শিক্ষা অফিসের সামনে প্রতিবাদ সমাবেশ হয়।

৩০ নভেম্বর থেকে সহকারী শিক্ষকদের লাগাতার কর্মবিরতি চলছে, আর ১ ডিসেম্বর থেকে তারা তৃতীয় প্রান্তিক মূল্যায়ন বর্জন করছেন।

অন্যদিকে সরকার শিক্ষকদের কর্মবিরতি প্রত্যাহার করে পরীক্ষা গ্রহণের নির্দেশ দিয়েছে। মূল্যায়ন না নিলে ফৌজদারি ব্যবস্থা নেওয়ারও ঘোষণা দিয়েছে মন্ত্রণালয়। এ অবস্থায় কিছু বিদ্যালয়ে প্রধান শিক্ষকরা পরীক্ষা নিলেও অধিকাংশ শিক্ষার্থী মূল্যায়ন থেকে বঞ্চিত হয়েছে গত কয়েক দিন ধরে।

শিক্ষা সংশ্লিষ্টদের মতে, মন্ত্রণালয় ও শিক্ষকদের টানাপোড়েনে ক্ষতিগ্রস্ত হচ্ছে কোমলমতি শিক্ষার্থীরা। তাদের মানসিক চাপ বাড়ছে; অভিভাবকরাও উদ্বিগ্ন।

মোহাম্মদপুরের এক অভিভাবক নাম প্রকাশ না করার শর্তে বলেন, শিক্ষকরা আন্দোলন করতেই পারেন। ‘‘কিন্তু শিশুদের পরীক্ষা বন্ধ রেখে, তাদের জিম্মি করে আন্দোলন কেন? এতে শিশুদের মানসিক অবস্থা খারাপ হচ্ছে, আমরা অভিভাবকরা রয়েছি টেনশনে।’’

আন্দোলন চলবে কিনা জানতে চাইলে সমিতির সভাপতি মো. শামছুদ্দিন মাসুদ বলেন, ‘‘দাবি বাস্তবায়নে দৃশ্যমান অগ্রগতি না থাকায় আন্দোলনে গেছেন শিক্ষকরা। দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত বা দৃশ্যমান অগ্রগতি না হওয়া পর্যন্ত কর্মবিরতি চলবে।’’

তৃতীয় প্রান্তিক মূল্যায়নের ভবিষ্যত নিয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘‘আমরা সারা বছর লেখাপড়া করিয়েছি, মূল্যায়নও করেছি। দাবি বাস্তবায়ন হলে ডিসেম্বরে ছুটির মধ্যেই তৃতীয় প্রান্তিক মূল্যায়ন করা যাবে। মাত্র আট দিনেই সম্পন্ন সম্ভব—শিক্ষার্থীদের কোনো ক্ষতি হবে না।’’

প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদের আহ্বায়ক খায়রুন নাহার লিপি বলেন, ‘‘আন্দোলন চলবে। প্রাথমিক শিক্ষক ঐক্য পরিষদও সক্রিয়। আনিচুর রহমান, শাহীনুর আল আমিন, শাহীনুর আক্তারসহ অন্য নেতারাও কর্মসূচিতে সক্রিয় ভূমিকা রাখবেন। বুধবার (৩ ডিসেম্বর) আমাদের বৈঠক হয়েছে।’’

আন্দোলনে আহত হয়ে শিক্ষকের মৃত্যুতে ক্ষোভ

নেতারা জানান, ‘পুলিশি নির্যাতনে আহত চাঁদপুরের মতলব (উত্তর) উপজেলার ৫ নম্বর ঝিনাইয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ফাতেমা আক্তারের মৃত্যুতে শিক্ষকরা ক্ষুব্ধ। এমনিতেই সরকার আশ্বাস দিয়ে দাবি বাস্তবায়ন করেনি; এরপর আহত শিক্ষকের মৃত্যু সবাইকে মর্মাহত করেছে।’’

মন্ত্রণালয়ের অবস্থান

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় জানায়, সহকারী শিক্ষকদের ১১তম গ্রেডে উন্নীত করা, ১০ ও ১৬ বছর চাকরি শেষে উচ্চতর গ্রেড পাওয়া–এই দুটি দাবি এবং প্রধান শিক্ষক পদে শতভাগ বিভাগীয় পদোন্নতির বিষয়ে ইতোমধ্যে অর্থ মন্ত্রণালয় ও জনপ্রশাসন মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়েছে।

৭ আগস্ট মন্ত্রণালয়ের পাঠানো চিঠিতে ১৩তম গ্রেড থেকে ১১তম গ্রেডে উন্নীত করার অনুরোধ করা হয়। এরপর পে-কমিশনের প্রতিবেদন পাওয়ার পরই অর্থ বিভাগ পদক্ষেপ নেবে বলে ১০ নভেম্বরের বৈঠকে জানানো হয়।

মন্ত্রণালয় আরও জানায়, এই পদক্ষেপ নেওয়ার পরও সহকারী শিক্ষকদের কয়েকটি সংগঠন পরীক্ষা পরিচালনায় বাধা সৃষ্টি করেছেন; কোথাও কোথাও পরীক্ষা নিতে চাওয়া শিক্ষকদের ওপর হামলাও হয়েছে। কোমলমতি শিক্ষার্থীদের ক্ষতির মুখে ঠেলে দেওয়া এসব কর্মসূচি সরকারি চাকরি আইন, আচরণবিধি ও ফৌজদারি আইনের পরিপন্থী।

তাই সব সহকারী শিক্ষককে অবিলম্বে কাজে যোগ দিয়ে তৃতীয় প্রান্তিক মূল্যায়ন গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। অন্যথায় সংশ্লিষ্ট আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

শিক্ষকদের তিন দফা দাবি

১. সহকারী শিক্ষকদের বেতন স্কেল ১৩তম গ্রেড থেকে দশম গ্রেডে উন্নীত করা।
২. চাকরির ১০ ও ১৬ বছরপূর্তিতে উচ্চতর গ্রেড প্রাপ্তির জটিলতা দূর করা।
৩. সহকারী শিক্ষক থেকে প্রধান শিক্ষক পদে শতভাগ বিভাগীয় পদোন্নতি।